মাদরাসা মারকাযুল ইহসান ঢাকা
Islamic

আদবের পূর্ণতা ও তালেবে ইলমের দায়িত্ব

Admin
একজন তালেবে এলমের জীবনে আদব ও বিনয় এমন একটি মূলধন, যা তার ইলমের চেয়েও অধিক মূল্যবান।
আদবের পূর্ণতা ও তালেবে ইলমের দায়িত্ব কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। ভুল-ত্রুটি হবেই-কিন্তু আসল বিষয় হলো, ভুলের পর আমাদের অবস্থান কী? বিশেষ করে একজন তালেবে এলমের জীবনে আদব ও বিনয় এমন একটি মূলধন, যা তার ইলমের চেয়েও অধিক মূল্যবান। কোনো ভুল হয়ে গেলে মুরব্বিদের সামনে শুধু “عفوا” বলে দায়সারা ভঙ্গিতে সরে যাওয়া আদবের পরিপূর্ণ পরিচয় নয়। “Sorry” বা “দুঃখিত” বলার মতো এটি কেবল সাধারণ সামাজিক শিষ্টাচার; এতে অন্তরের অনুতাপ, লজ্জাবোধ ও ভাঙা হৃদয়ের আরজি প্রকাশ পায় না। একজন তালেবে ইলমের শান হলো-তার কথায়, আচরণে ও ভঙ্গিতে বিনয়ের সুস্পষ্ট ছাপ থাকা। উস্তাদ, মা-বাবা ও মুরব্বিদের সামনে ভুল হলে তার উচিত হবে গভীর অনুতাপের সঙ্গে ক্ষমা প্রার্থনা করা, নিজের অপরাধ স্বীকার করা এবং ভবিষ্যতে সংশোধনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা। কারণ, আদবই ইলমকে বরকতময় করে, আর বেয়াদবি ইলমের নূরকে নিভিয়ে দেয়। আমরা আমাদের তালেবে ইলমদেরকে এ শিক্ষা সুন্দরভাবে বুঝিয়ে বলব-যাতে তারা বুঝতে পারে, কেবল একটি শব্দ উচ্চারণ করাই যথেষ্ট নয়; বরং অন্তরের ভাঙন, চোখের লজ্জা এবং বিনম্র স্বীকারোক্তিই প্রকৃত আদবের পরিচায়ক। একই সঙ্গে আমাদের নিজেদেরও সচেতন হতে হবে-আমাদের আচার-আচরণ যেন সর্বদা মুরব্বিদের মর্যাদা রক্ষা করে এবং দ্বীনের শান বজায় রাখে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদব, ইখলাস ও প্রকৃত বিনয়ের তাওফীক দান করুন। আমীন। -হযরত মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ সাহেব (দামাত বারাকাতুহুম)