মাদরাসা মারকাযুল ইহসান ঢাকা
Academic

মাদরাসার তালেবে এলেমগণ-তাঁরা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান

মুহাম্মদ আশেকে এলাহী
মাদরাসার তালেবে এলেমগণ-তাঁরা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান
মাদরাসার তালেবে এলেমগণ-তাঁরা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান আমাদের মাদরাসার প্রিয় তালেবে এলেমগণ কোনো সাধারণ ছাত্র নন; বরং তাঁরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান-“মেহমানানে রাসূল“ তাঁদের আগমন মাদরাসার জন্য রহমত, বরকত ও নূরের কারণ। মাদরাসা খোলার দিন থেকেই শিক্ষকদের উচিত পিতার মতো স্নেহশীল ও মায়ের মতো মমতাময় হয়ে তাঁদের স্বাগত জানানো। উস্তাদগণ আগে থেকেই মাদরাসায় উপস্থিত হয়ে, তালেবে এলেমদের জন্য যতটুকু সম্ভব সবকিছু গুছিয়ে রাখা, পরিবেশ পরিপাটি ও খুশবুদার করে তোলা। যেন যখন ছাত্ররা মাদরাসায় প্রবেশ করে, তখনই তাদের মনে হয়- “আমরা সত্যিই এক ভালোবাসা ও দয়ার ঘরে প্রবেশ করেছি।” এই শিক্ষার্থীরা নিজেদের ঘরবাড়ি, মা-বাবা, ভাই-বোন ছেড়ে এসেছে। অনেকেই বয়সে ছোট, অনেকের মন মাদরাসায় আসতে চায় না, কেউ কেউ কান্না করে, এমনকি মা-বাবাও চোখের পানি ফেলেন। তাই তাঁদেরকে এমন আন্তরিকতা দিয়ে রিসিভ করা উচিত যেন মনে হয়- “তুমি স্বাগতম, তুমি সম্মানের সাথে এলে।” শিক্ষকদের সবসময় খেয়াল রাখা উচিত- ★ কেউ না খেয়ে মন খারাপ করে বসে আছে কি না ★ কারো ঘুমানোর জন্য বিছানা নেই কি না ★ কেউ খাবারের প্লেট পাচ্ছে না কি না সর্বোপরি তাঁদের সব ধরণের কষ্ট দূর করার চেষ্টা করা জরুরি। রাতে সময় বের করে স্বল্প সময়ের জন্য হলেও তাঁদের সাথে বসা, খোশগল্প করা, কুশল বিনিময় করা- এতে শিক্ষার্থীদের মনে আনন্দ ও প্রেরণা জাগে। "বিশেষ করে ছোট্ট তালেবে এলেমদের জন্য পরিবেশকে আনন্দমুখর করে তোলা প্রয়োজন। তাদের মানসিক বিকাশ শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সুন্দর আচরণ, ভদ্র কথা, হাসিখুশি থাকা এবং স্বাস্থ্যসম্মত খেলাধুলাও তাদের জন্য অপরিহার্য। এর মাধ্যমে তারা শুধু একজন আলেম নয়, বরং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে"। কেউ বিলম্বে এলে সাথে সাথে রাগ বা শাস্তি নয়; প্রথমে কারণ জেনে নেওয়া, নরম স্বরে কথা বলা, বাহিরে দাঁড় করিয়ে না রাখা। যেন ছাত্র বুঝতে পারে, উস্তাদ তার অভিভাবকের চেয়ে কম নন, বরং দীনী জীবনের জন্য তিনি তার সত্যিকারের হিতাকাঙ্ক্ষী। আমাদের উস্তাদগণ ও মাদরাসার দায়িত্বশীলদের মনে রাখা উচিত- তালেবে এলেমদের সেবা করা কেবল দায়িত্ব নয়, বরং তা ইবাদত, যা আল্লাহ তায়ালা ও তাঁর রাসূলের নিকট অত্যন্ত প্রিয় আমল। আল্লাহ তায়ালা আমাদেরকে তালেবে এলেমদের খেদমত করার তাওফীক দিন, তাদের অন্তরের কষ্ট দূর করার তাওফীক দিন, এবং তাঁদেরকে এমন ভালবাসা ও দোয়ার ছায়ায় রাখুন যা তাদের সারা জীবনের জন্য দ্বীনের পথে দৃঢ়পদ রাখবে। -হযরত মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ সাহেব দামাত বারকাতুহুম এর আলোচনার সারমর্ম থেকে সংগৃহীত মুহাম্মদ আশেকে এলাহী